হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সে মি উপরে || সকলকে সতর্ক থাকার আহ্বান

প্রকাশিত August 22, 2024
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সে মি উপরে || সকলকে সতর্ক থাকার আহ্বান

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের একটি ভাঙ্গন নিয়ে হাওরে পনি ঢুকছে প্রবল বেগে। এ অবস্থায় সকলকে সতর্ক থাকার আহ্নবান জানানো হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার, ২২ আগস্ট (৭ ভাদ্র) সকাল ১১টায় খোয়াই নদীর পানি হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ২০০ সেন্টিমিটার ও বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন বাল্লা পয়েন্টে বিপদসীমার ২৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে বালির বস্তা দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। সম্ভাব্য যেকোন পরিস্থিতির জন্যে সকলকে সতর্ক থাকতে হবে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, হবিগঞ্জ শহরতলির জালালাবাদ এলাকায় খোয়াই নদীর তীরে কয়েকদিন পূর্বে একটি ভাঙ্গন দেখা দেয়। এই ভাঙ্গন দিয়ে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করছে। অনেক স্থানে বাঁধ ভাঙ্গার আশঙ্কায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকার মানুষ। খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সব জায়গাই ঝুঁকিপূর্ণ। বিভিন্ন স্থানে ইঁদুরের গর্ত থাকায় ঝুঁকি আরও বেড়ে গেছে।
তবে পানি উন্নয়ন বোর্ড আশা করছে, আগামীকাল শুক্রবার পানি কমতে শুরু করবে।