শেওলা দিয়ে আমদানি-রফতানি শুরু || পাথর ও কয়লা আমদানিকারকদের স্থলবন্দর পরিদর্শন

প্রকাশিত August 19, 2024
শেওলা দিয়ে আমদানি-রফতানি শুরু || পাথর ও কয়লা আমদানিকারকদের স্থলবন্দর পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শেওলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি আবার শুরু হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারে পতন হয় ৫ আগস্ট। সেদিন থেকে স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়।
প্রায় ১৪ দিন পর সোমবার, ১৯ আগস্ট (৪ ভাদ্র) পুনরায় আমদানি-রফতানি শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শ্রমিক, এলাকাবাসী-সবার মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ দুপুরে শেওলা স্থলবন্দর পরিদর্শন ও এলাকাবাসী, ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আতিক হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা দুই দেশের সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে আবারও আমদানি-রফতানি চালু হওয়ায় দুদুশের সরকার ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।
তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ বজায় রেখে পারস্পারিক বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
বক্তারা উল্লেখ করেন, আমদানি-রফতানি বন্ধ থাকলে শুধু দুদেশের ব্যবসায়ীই নয়-সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়। এছাড়া সংশ্লিষ্ট শ্রমিকরাও বেকার হয়ে পড়েন।
জয়দেব চক্রবর্তীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নেতা মো জাহাঙ্গীর মিয়া, মো মইন উদ্দিন, সুহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, সেলিম আহমদ, নিয়াজ আহমদ, জুয়েল আহমদ, পারভেজ আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি সাইফুদ্দিন, আবেদ আলী, নুরুল ইসলাম, সাবেক মেম্বার আপ্তাব মিয়া, সিরাজ উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।