সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট (৩১ শ্রাবণ) সিকৃবির উপাচার্য ডা জামাল উদ্দিন ভূঞার পদত্যাগের এক দফা দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারার বিরুদ্ধে তারা সোচ্চার রয়েছেন।
বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা সিকৃবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা অব্যাহত রেখেছে।
তারা বর্তমান সরকারের নিকট ‘দুর্নীতির মাস্টার মাইন্ড’ জামাল উদ্দিন ভূঞাকে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড মোজাম্মেল হক, প্রফেসর ড নাসরিন সুলতানা, প্রফেসর ড রাশেদ হাসনাত, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড ছিদ্দিকুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি