সম্প্রীতির বন্ধন নিয়ে বসবাস করতে চাই : শাল্লায় আইনশৃঙ্খলা কমিটির অঙ্গীকার

প্রকাশিত August 13, 2024
সম্প্রীতির বন্ধন নিয়ে বসবাস করতে চাই : শাল্লায় আইনশৃঙ্খলা কমিটির অঙ্গীকার

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সম্প্রীতির বন্ধন নিয়ে বসবাস করার অঙ্গীকার ঘোষণা করেছে।
মঙ্গলবার, ১৩ আগস্ট (২৯ শ্রাবণ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ অঙ্গীকার ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনীর দিরাই-শাল্লা ক্যাম্প কমান্ডার মেজর মো মহিউদ্দিন ফারুকী। সঞ্চালনা করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো আলাউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু ও শর্বরী রানী মজুমদার, থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আটগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান ও অন্যরা।
বক্তারা দেশের চলমান পরিস্থিতি এবং উপজেলার আইনশৃঙ্খলা, মাদক ও জুয়াসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
তারা উল্লেখ করেন, হাওর এলাকার মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি বজায় রেখে মিলে মিশে বসবাস করে আসছে। এ জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো ঘটনা ঘটেনি। তবে অতি উৎসাহী কিছু ফেসবুক ব্যবহারকারীর গুজব ছড়ানো ও উস্কানিমূলক পোস্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে।