বিশৃঙ্খল আচরণ করলেই যুবদল থেকে বহিষ্কার : সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের হুশিয়ারি

প্রকাশিত August 12, 2024
বিশৃঙ্খল আচরণ করলেই যুবদল থেকে বহিষ্কার : সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের হুশিয়ারি

জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ হুশিয়ার করে দিয়েছেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
সোমবার, ১২ আগস্ট (২৮ শ্রাবণ) দুপুরে মহানগরীর মিরাবাজারে একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে তারা সংশ্লিষ্ট সকলকে এভাবে হুশিয়ার করে দেন।
নেতৃবৃন্দ জানান, যুবদলের নেতাকর্মীরা সিলেট মহানগরী এবং জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রামে গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছেন। খোঁজখবর নিচ্ছেন বাড়ি-বাড়ি গিয়ে। এছাড়াও প্রয়োজনীয় সব সহযোগিতা করে যাচ্ছেন।
তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুদ্ধ জনতার রোষে ও ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে দেশের বিভিন্ন স্থানে লুটপাট, ভাংচুর, হামলা ও অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটেছে। তবে পুণ্যভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কোন খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনাবলীর সঙ্গে যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।
নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক আন্দোলনে সিলেটে যুবদলের ৭০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অর্ধশত। এর মধ্যে ১০ জন এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন।
তারা জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, আনছার আলী ও জুনেদ আহমদ সহ গুম হওয়া নেতাকর্মীদের ফেরত পেতে সকলের সহযোগিতা কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পতম সময়ের মধ্যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে নির্বাচন দেবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, যুবদলের সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট।