নিজস্ব প্রতিবেদক : খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখা দেশের চলমান পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে ১৫টি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
বুধবার, ৭ আগস্ট (২৩ শ্রাবণ) বিকেলে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আহুত সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দ দাবিগুলো তুলে ধরেন।
দাবিগুলো হলো : অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। শিক্ষার্থীদের সকল দাবি মানতে হবে। গ্রেফতারকৃত সকল ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদ, আলেম-উলামা ও নিরপরাধ মানুষকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এ আন্দোলনের সকল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান দ্রুত কার্যকর করতে হবে। আহতদের জরুরি ভিত্তিতে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। খুনের সাথে জড়িতদের গ্রেফতার ও সব খুনের বিচার করতে হবে। অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদেরকে উদ্ধার করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সহ সবকিছু ঢেলে সাজাতে হবে। বিতর্কিত পুলিশ কর্মকর্তাদেরকে প্রত্যাহার করতে হবে। ছাত্র-জনতার এ অভূতপূর্ব বিজয়কে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজে লাগাতে হবে। বিগত স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী রাজনৈতিক দলসমূহকে বয়কট করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানসহ পেশাগত কোনো কাজে হামলার ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। আরব আমিরাত ও সৌদি আবরসহ পৃথিবীর বিভিন্ন দেশে আটক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের দ্রুত মুক্তির উদ্যোগ নিতে হবে এবং আটক প্রত্যেক রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে নিয়মিত মাসিক আর্থিক সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ। এ সময় দলের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় এবং স্বৈরশাসনের বিরুদ্ধে বিজয়ের মুহূর্তে ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা কিছু কিছু জায়গায় লুটপাট ও অগ্নিসংযাগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশেষ কোনো মহল বিজয়কে কলংকিত করার জন্য এমন ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন।