নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ১৪ দল বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য প্রতিহত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শনিবার, ৩ আগস্ট (১৯ শ্রাবণ) দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যকর পরিস্থিতি সফলভাবে মোকাবিলায় করণীয় নির্ধারণে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপির সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস এবং সরকার উৎখাতের যে ষড়যন্ত্র করছে তা তুলে ধরে বক্তব্য রাখেন।
তিনি বলেন, এসব অপকর্ম এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সকল দাবি ইতোমধ্যে মেনে নিয়েছেন; কিন্তু এরপরও এই আন্দোলন কেন।
সভায় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকান্দর আলী, গণতন্ত্রী পার্টির সভাপতি মো আরিফ মিয়া, জাতীয় পার্টির (জেপি) সভাপতি ইফতেখার আহমদ লিমন, ন্যাপ সভাপতি মো আব্দুল ওদুদ, জাসদের ভারপ্রাপ্ত মহানগর সভাপতি ফারুক আহমদ, জেলা সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, ন্যাপের মহানগর সাধারণ সম্পাদক মো আপ্তাব মিয়া, জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক মো জুনেদুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ব্রজগোপাল চৌধুরী, গণতন্ত্রী পার্টির জেলা যুগ্মসাধারণ সম্পাদক গুলজার হোসেন, সাম্যবাদী দলের জেলা সদস্য শ্রীনিবাস চক্রবর্তী ও সজল রায়, গণতন্ত্রী পার্টির ৩৭ নম্বর ওয়ার্ড সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির দাস প্রমুখ।
১৪ দল নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলো বিভক্ত। আর এই বিভক্তির সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ভর করে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। এমনকি তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে এখন মরিয়া হয়ে উঠেছে। এই হীন চক্রান্ত ১৪ দলের নেতৃবৃন্দ ঐক্যের মাধ্যমে প্রতিহত করতে সক্ষম রয়েছেন।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে টার্গেট করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদী আন্দোলন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের এই আন্দোলন ১৪ দল যে কোন মূল্যে প্রতিহত করবে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি