বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয়। এছাড়া সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহিরের বাসায়ও হামলা হয়েছে।
পুলিশসহ বিভিন্ন সূত্র জানিয়েছে, শুক্রবার, ২ আগস্ট বাদ জুম্মা শহরের কোর্ট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নূরুল হেরা জামে মসজিদের সামনে গণমিছিলের জন্যে জড়ো হন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল নিয়ে এসে সংহতি জানান।
অন্যদিকে সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে গণমিছিল বের হলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় গণমিছিলে অংশগ্রহণকারীদের। এ খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা এসে ধাওয়া দিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
পরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এ সময় এমপির বাসায়ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে তিনকোণা পুকুরপাড় এলাকায় মোস্তাক মিয়া (২৮) নামে বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মচারী আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার বাড়ি সিলেটের টুকেরবাজার এলাকায়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো শামছুল হক জানান, কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রকৃত সংখ্যা আমরা এখনও পাইনি।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা মোমিন উদ্দিন চৌধুরী জানান, মোস্তাক মিয়ার পিঠের ডান দিকে ও ডান হাতে গুলির আঘাত রয়েছে।