সিলেটে শোকাবহ আগস্ট উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকমিছিল

প্রকাশিত August 1, 2024
সিলেটে শোকাবহ আগস্ট উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকমিছিল

নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শোকাবহ মাস আগস্ট বর্ষপরিক্রমায় আবার ফিরে এসেছে। ১৯৭৫ সালের এ মাসেই স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একাত্তরের পরাজিত শত্রুরা একদল বিপথগামী সৈনিকের মাধ্যমে সপরিবারে হত্যা করে স্বাধীন বাংলাদেশকে আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার হীন প্রচেষ্টা চালায়। তবে এই ঘাতক চক্রের সকল চক্রান্ত- ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ প্রায় তিন দশক পর আবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অভীষ্ট লক্ষ্য ধরে এগিয়ে যেতে শুরু করেছে।
বৃহস্পতিবার ছিলো শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ শোক মিছিল বের করে।
মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এই মিছিল বের হয়ে মহনগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোক মিছিলে অংশ নেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রঞ্জিত সরকার ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এছাড়াও আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।