বদরুল মনসুর, যুক্তরাজ্য : কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বাংলাদেশে সহিংসতা ও অপপ্রচার রোধে যুক্তরাজ্য আওয়ামী লীগ সাংবাদিকদের প্রতি সহেযোগিতার আহ্বান জানিয়েছে।
আগামীকাল সোমবার, ২৯ জুলাই (১৪ শ্রাবণ) যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে লন্ডনে হাউজ অব কমন্সের সামনে সর্বস্তরের ব্রিটিশ-বাঙালির সমাবেশ সফল করতে আহুত এক সংবাদ সম্মেলনে দলের নেতৃবন্দ এই আহ্বান জানান।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি সৈয়দ মোজাম্মেল আলী ও হরমুজ আলী, যুগ্মসাধারণ সম্পাদক নইমুদ্দিন আহমদ রিয়াজ ও মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, তথ্যও গণসংযোগ সম্পাদক রবিন পাল, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার চৌধুরী, খসরুজ্জামান খছরু, আনসারুল হক, আহমদ হাসান, মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আঞ্জুমান আরা অঞ্জু, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্মসাধারণ সম্পাদক জামাল আহমদ খান, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারিক আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ ও সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী আর সরকারের অবস্থান অভিন্ন ছিলো; কিন্তু যখনই পেছন থেকে ইন্ধনদাতারা সামনে চলে আসে রাষ্ট্রক্ষমতা দখলের দুরভিসন্ধি নিয়ে তখনই আন্দোলনের নেতৃত্ব তাদের হাতে চলে যায় কিংবা তারা নিয়ে নেয়। এরপর শুরু হয় ২০১৩ ও ২০১৮ সালের কায়দায় ধ্বংসলীলা। দেশ ও জাতির স্বার্থে সরকারের তখন শক্ত হাতে এই ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিলোনা। তাদের এই ‘পোড়ামাটি’ ক্যাম্পেইন যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সরকার প্রথমে পুলিশ, পরে বিজিবি ও র্যাব এবং সর্বশেষ সেনাবাহিনী মোতায়েন করে। তখন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দেয়।
তিনি বলেন, সকল মৃত্যুই বেদনাদায়ক, তা ছাত্রের হোক বা শ্রমিকের হোক অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা সাধারণ পথচারীর হোক। বিএনপি, জামায়াতে ইসলামী ও জঙ্গিরা যা করেছে তা যেকোনো স্বাভাবিক মানুষকে মূঢ় করে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ হত্যা করে গাছে কিংবা ফ্লাইওভারের উপর থেকে ঝুলিয়ে দেওয়ার মতো পাশবিকতা তাদের ২০১৩ ও ২০১৮ সালের কথা মনে করিয়ে দেয়।
ইউকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এরপরও প্রধানমন্ত্রী এই সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের পরিবারের দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছেন এবং ইতোমধ্যেই আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন।
তিনি বলেন, বাঙালির হাজার বছরের সবচেয়ে বড়ো অর্জন স্বাধীনতাকে তারা কটাক্ষ করেছে। তাদের আক্রমণের লক্ষ্যস্থল ছিলো গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের যতো অর্জন, যা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে, সেই সব স্থাপনাগুলো।
সৈয়দ ফারুক উল্লেখ করেন, দেশের এই সংকটময় মুহুর্তে যুক্তরাজ্য ছাত্রলীগ পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে এক সভার আয়োজন করে; কিন্তু ‘তারেক জিয়ার লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনী’র হাত থেকে ছাত্রলীগের নেতাকর্মীরও রেহাই পায়নি। ব্রিটেনের মতো একটি গণতান্ত্রিক দেশে একই কায়দায় কমিউনিটিকে অশান্ত করে তোলা হচ্ছে, যা বাংলাদেশের মানুষ হিসেবে সকলের জন্যই লজ্জার।
বাংলাদেশে হামলার জন্য সরকারকে দায়ী করে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারির বিবৃতির ব্যাপারে তিনি বলেন, এ জাতীয় বিবৃতিতে তাদের রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটেছে। সাংবাদিকদের নিরপেক্ষ হওয়া উচিত; কিন্তু তারা দলীয় ভূমিকা পালন করেছেন।