আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতায় সিলেটে ব্যবসা খাতে ১৫ হাজার কোটি টাকার ক্ষতি

প্রকাশিত July 25, 2024
আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতায় সিলেটে ব্যবসা খাতে ১৫ হাজার কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : সিলেটে কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের সহিংসতা ও নাশকতায় উদ্ভুত পরিস্থিতিতে ব্যবসা খাতে ১০ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার, ২৫ জুলাই (১০ শ্রাবণ) মহানগরীর বিভিন্ন বিপণিবিতান পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট চেম্বার অব কমার্স কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, সিলেটের ব্যবসায়ীরা ট্রেডিং ব্যবসার উপর নির্ভরশীল। সহিংসতার রাজনীতির কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
তাহমিন আহমদ জাতীয় বাজেটে আরোপিত কর থেকে কিছুটা রেহাই দিয়ে ও ব্যাংক সুবিধা বাড়িয়ে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং কারফিউ প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ব্যবসায়ীরা ধ্বংসাত্মক রাজনীতি চান না। তারা দেশকে সোনার বাংলায় পরিণত করতে চান। তাদেরকে ক্ষতি পুষিয়ে উঠার সুযোগ করে দিতে হবে। তাদের যেন আর কোনো ক্ষতি না হয়।
নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে বলে চেম্বার সভাপতি সিলেটের ব্যবসায়ীদেরকে পরামর্শ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক শান্ত দেব, মো রিমাদ আহমদ রুবেল, মো মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক ও মোহাম্মদ নূরুল ইসলাম। নেতৃবৃন্দ করিম উল্লাহ মার্কেট, হাসান মার্কেট ও মধুবন মার্কেট পরিদর্শন করেন।
এ সময় করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী আতাউল্লাহ সাকের, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল অদুদ পাভেল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী মিশু, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, মধুবন মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো মঞ্জুর আহমদ, ব্যবসায়ীদের বর্তমান অবস্থা ও বিভিন্ন দাবি দাওয়া সিলেট চেম্বার নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।