বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড মো আখতারুল ইসলাম বলেছেন, ভবিষৎ প্রজন্মের প্রতি নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পরিবার। এই পরিবারের সদস্যরা দিনরাত পরিশ্রম করে ক্লাস, পরীক্ষা, গবেষণা এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রেখে জাতির ভ্যানগার্ড হিসেবে কাজ করছেন। আর সরকার তাদেরকে ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্ত করে তাদের সুযোগ-সুবিধা নামিয়ে এনেছে শূন্যের কোঠায়। এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন মেধাশূন্য হয়ে যাবে। জাতির বিবেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ এমন কর্মসূচি কখনোই বাস্তবায়ন করতে দেবে না।
মঙ্গলবার, ১৬ জুলাই (১ শ্রাবণ) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ১৬ দিন ধরে কর্মবিরতি পালনরত শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রফেসর ড মো আখতারুল ইসলাম আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রয়েছে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিকৃবি শিক্ষক সমিতির সভাপতির প্রফেসর ড মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক প্রফেসর ড মুহাম্মদ আল মামুন।
এছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা আফরাদুল ইসলামের সঞ্চালনায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একই সময়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি মো শরীফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আসাদুজ্জামানের সঞ্চালনায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়।