সিলেট জেলা ও মহানগর পুলিশের অভিযানে একদিনে দেড় হাজার বস্তা ভারতীয় চিনি আটক

প্রকাশিত July 13, 2024
সিলেট জেলা ও মহানগর পুলিশের অভিযানে একদিনে দেড় হাজার বস্তা ভারতীয় চিনি আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে প্রায় প্রতিদিনই জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশে আসা ভারতীয় চিনি আটক হচ্ছে।
এর ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার আভিযানিক দল শনিবার, ১৩ জুলাই (২৯ আষাঢ়) বিশেষ অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় দুটি ট্রাক বোঝাই ৪৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে।
এ সময় চিনি পরিবহন কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও দুজন চালককে গ্রেফতার করা হয়।
এছাড়া জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার ফতেহপুর ইউনিয়নের চান্দঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে।
এ সময় দুজনকে গ্রেফতার ও একটি যানবাহন আটক করা হয়।
এদিকে সিলেট মহানগর পুলিশ-এসএমপি ডিবির অভিযানে ৭১১ বস্তা ভারতীয় চিনি আটক হয়েছে। এ সময় ২টি ট্রাকসহ দুজনকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের টিম-০১ মোগলাবাজার থানাধীন জলকরকান্দিতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এই অভিযান পরিচালনা করে।
আটককৃত ভারতীয় চিনির মূল্য ৯০ লাখ ৩৬ হাজার টাকা। পুলিশের পৃথক ৩টি তথ্য বিবরণীতে অভিযানগুলোর কথা জানানো হয়েছে।