নিজস্ব প্রতিবেদক : সিলেটে ১৬ ঘণ্টায় পুলিশের পৃথক ৩টি অভিযানে দেড় কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ চিনি আটক ও ৭ জন গ্রেফতার হয়েছে। এ সময় ৮টি ট্রাক এবং একটি নৌকাও জব্দ করা হয়।
এসএমপির উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিক-নির্দেশনায় বৃহস্পতিবার, ১১ জুলাই (২৭ আষাঢ়) ভোর ৫টার দিকে এসএমপি গোয়েন্দা শাখা শাহপরাণ (র) থানা এলাকায় অভিযান চালিয়ে চিনি সহ ৬টি ট্রাক আটক করে। এসব ট্রাক থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের, ১ লাখ কেজি চিনি উদ্ধার, ৫ জনকে আটক ও ট্রাকগুলো জব্দ করা হয়।
আটককৃতরা হলো, মো হাফিজুর রহমান (২৭, পিতা মৃত রহিম প্রামানিক, আন্দরকুটা, সুজানগর, পাবনা), মো শিমুল হক (২৯ ,পিতা মো আত্তার আলী, খড়েরবাড়ি, চারঘাট, রাজশাহী), মো আরিফুল ইসলাম (২৫, পিতা মো রমজান আলী, নারায়নপাড়া, সদর, নাটোর), মো রফিক হোসেন (৩২, পিতা বাদল প্রামানিক, নাজিরপুর কাজিপাড়া, সদর, পাবনা) ও মো হাফিজুর রহমান (২৮, পিতা-মো সিরাজ সিরাই, নাজিরপুর কাজিপাড়া, সদর, পাবনা)।
এর আগে রাত দেড়টার দিকে শাহপরাণ (র) থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক-নির্দেশনায় শাহপরাণ (র) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ একটি ট্রাক আটক করে তা থেকে ২৪ লাখ টাকা মূল্যের ২০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করে।
এ সময় ট্রাকটি জব্দ ও দুই জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে গোয়াইনঘাট থানা পুলিশ বুধবার, ১০ জুলাই দুপুর ১টার দিকে উপজেলার গৌরিপুর এলাকায় ১টি নৌকা ও ১টি ট্রাকসহ ৭ লাখ ৬০ হাজার টাকা (১০০ টাকা দরে) মূল্যের ৭ হাজার ৬০০ কেজি চিনি উদ্ধার করে।
আটককৃত অবৈধ পথে আসা ভারতীয় চিনির সর্বমোট মূল্য ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা। সূত্র তথ্য বিবরণী