সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং সকল আসামিকে গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার, ১ জুলাই (১৭ আষাঢ়) দুপুরে মহানগরীর টিলাগড় পয়েন্টে আয়োজিত কর্মসূচিতে সিসিকের সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ যোগদান করেন।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে ও ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো রুহেল আহমদের সঞ্চালনায় বক্তারা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা জানান।
তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করারও দাবি রাখেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, ফরহাদ চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, তারেক উদ্দিন তাজ, আব্দুর রকিব বাবলু, মোহাম্মদ তৌফিক বক্স লিপন, জাহাঙ্গীর আলম ও আলতাফ হোসেন সুমন এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি