কেউ যেন প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করতে না পারে || বিভাগীয় কমিশনারের নির্দেশ

প্রকাশিত June 13, 2024
কেউ যেন প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করতে না পারে || বিভাগীয় কমিশনারের নির্দেশ

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, নদীগুলোতে সরকারিভাবে যেসব বালুমহাল ইজারা দেওয়া হয়েছে সেগুলোর নির্ধারিত সীমানার বাইরে কেউ যেন অবৈধভাবে বালু ও পাথর তুলে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বুধবার, ১২ জুন ‘পাথর মহাল, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সহজিকরণ : অংশীজনের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি জেলা প্রশাসকদের এ নির্দেশ দেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। এ সময় সিলেট বিভাগের জেলা প্রশাসকবৃন্দ তাদের এলাকার পাথরমহাল ও বালুমহাল সম্পর্কে করণীয় ও বিস্তারিত উপাত্ত উপস্থাপন করেন।
সেমিনারে সিলেট বিভাগের সকলস্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, আইনবিদ, সাংবাদিক ও পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে উল্লেখ করে বলেন, বৈধভাবে পাথরমহাল ও বালুমহাল ইজারা দিয়ে প্রশাসন প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি ইজাদারদের নজরদারি ও নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। এতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ হবে।
তিনি সেমিনারে উত্থাপিত প্রস্তাবনাসমূহ পাথরমহাল, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিষয়ক নতুন বিধিমালাতে যুক্ত করার আশ্বাস দেন। তথ্য বিবরণী