সিলেট মহানগরীতে এসএমপির ‘নো হেলমেট নো ফুয়েল’ প্রচারণা কার্যক্রম শুরু

প্রকাশিত June 9, 2024
সিলেট মহানগরীতে এসএমপির ‘নো হেলমেট নো ফুয়েল’ প্রচারণা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ‘নো হেলমেট নো ফুয়েল’ প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার, ৯ জুন (২৬ জ্যৈষ্ঠ) মহানগরীর চৌহাট্টা পয়েন্টে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান।
এ সময় তিনি নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার অনুরোধ জানান।
পুলিশ কমিশনার মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করার পরামর্শ দেন।
তিনি জানান, পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনগুলোতে হেলমেটহীন কাউকে জ্বালানি দেওয়া হচ্ছে কি না তা তদারকি করা হবে।
এসএমপি কমিশনার চৌহাট্টা ও আম্বরখানায় মোটরসাইকেলে এবং মহানগরীর বিভিন্ন পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনে ‘নো হেলমেট নো ফুয়েল‘ লেখা রিফ্লেস্টিক স্টিকার স্থাপন করেন।
এছাড়া যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখতে এবং উল্টোপথে না চলতে ও যত্রতত্র যানবাহন পার্কিং না করতে যান চালকদের প্রতি তিনি আহবান জানান।
পুলিশ কমিশনার ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাকারীদের খাবার দিয়ে শুভেচ্ছা জানান এবং লিফলেট বিতরণ করেন।
কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো জোবায়েদুর রহমান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহা সোহেল রেজা, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, এসি (ট্রাফিক-উত্তর) মো গোলাম মোস্তফা ও এসি (ট্রাফিক-দক্ষিণ) মো জায়েদ হাসান এবং এসএমপি ট্রাফিক বিভাগের টিআই ও সার্জেন্টসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। সূত্র তথ্য বিবরণী