মৌলভীবাজারে কোরবানির হাটে উঠার অপেক্ষায় ২৭ মণ ওজনের ষাড় ‘মাশআল্লাহ’

প্রকাশিত June 5, 2024
মৌলভীবাজারে কোরবানির হাটে উঠার অপেক্ষায় ২৭ মণ ওজনের ষাড় ‘মাশআল্লাহ’

এ এস কাঁকন : মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে উঠার অপেক্ষায় ২৭ মণ ওজনের ‘মাশআল্লাহ’। ষাঁড়টি পিতা-পুত্রের পরম যতনে লালিত পালিত হয়েছে সদর উপজেলার এক প্রত্যন্ত এলাকায়। তাও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে, যে কারণে রোগবালাই মুক্ত বলে দাবি করা হচ্ছে।
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বালিগাঁও শ্যামলাবাজার গ্রামের কৃষক বদরুল ইসলামের বাড়িতে জন্ম থেকেই ‘মাশআল্লাহ’র বেড়ে উঠা। সাদা-কালো রঙের মিশেলে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টির বয়স ৩ বছর। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। লম্বা ১০ ফুট। ওজন প্রায় ২৭ মণ। ধারণা করা হচ্ছে, জেলায় এবার এর চেয়ে বেশি ওজনের কোরবানির পশু হাটে উঠবে না।
বদরুল ইসলাম ‘মাশআল্লাহ’র দাম হাঁকছেন ১৯ লাখ টাকা। দামের খবর পেয়েই ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ কেউ দাম-দরও করছেন।
কৃষক বদরুল ইসলাম জানান, প্রতিদিন ‘মাশআল্লাহ’র গোসল করানো থেকে শুরু করে সবকিছু নিজেই দেখভাল করেন। ষাড়টি সম্পূর্ণ দেশীয় খাবার খায়। গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় লালন-পালনে খরচ হয়েছে বেশি। এখন শঙ্কায় আছেন, ন্যায্য মূল্য পাবেন কি না।