সিলেটে টানা বর্ষণে মহানগরীর ২৮ ওয়ার্ড বন্যা কবলিত || সিসিকের ত্রাণ তৎপরতা

প্রকাশিত June 4, 2024
সিলেটে টানা বর্ষণে মহানগরীর ২৮ ওয়ার্ড বন্যা কবলিত || সিসিকের ত্রাণ তৎপরতা

নিজস্ব প্রতিবেদক : উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেট মহানগরীর অবস্থা বেহাল। একরাতের টানা বর্ষণে সিলেট সিটি করপোরেশনের ২৮টি ওয়ার্ড বন্যা কবলিত হয়েছে। শাহজালাল উপশহরের প্রধান সড়ক পুরোপুরি তলিয়ে গেছে। অধিকাংশ বাসাবাড়িতেও পানি। ফলে দুর্বিসহ পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার, ৩ জুন দুপুর পর্যন্ত সিলেটে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে সুরমা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
সিলেট সিটি করপোরেশনের তথ্য মতে, মহানগরীর প্রায় ১০ হাজার পরিবার বন্যার কবলে। বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো মখলিছুর রহমান কামারন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমদ চৌধুরী, কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, হুমায়ুন কবির সুহিন, জয়নাল আবেদীন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। তারা তারা পানিবন্দিদের খোঁজখবরও নেন।