সিলেট মহানগরীর বন্যা পরিস্থিতির উন্নতি || সিসিকের ত্রাণ তৎপরতা অব্যাহত

প্রকাশিত June 2, 2024
সিলেট মহানগরীর বন্যা পরিস্থিতির উন্নতি || সিসিকের ত্রাণ তৎপরতা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নামতে শুরু করেছে বানের পানি। সুরমা নদীর পানিও বিপদসীমার নিচে নেমে গেছে।
রবিবার, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ) বিকেলে ও রাতে খানিক হালকা বৃষ্টি ছাড়া গত ৩ দিন তেমন বৃষ্টি হয়নি। উজানের পাহাড়ি ঢলের চাপও প্রায় নেই।
এদিকে সিলেট মহানগরীর কয়েকটি ওয়ার্ডে বন্যা কবলিতদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় জরুরি সভার সিদ্ধান্ত অনুসারে কর্মতৎপর রয়েছেন ভারপ্রাপ্ত মেয়র মো মখলিছুর রহমান কামরানসহ কর্মকর্তাগণ। তারা আশ্রয়কেন্দ্র চালু ও বানবাসীদের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিতে বন্যাকবলিত এলাকাসমূহ পরিদর্শন করছেন।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, বন্যার ঝুঁকিতে থাকা সকল ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সুরমা নদীর তীরবর্তী বিদ্যুৎ সাব স্টেশনগুলো রক্ষার জন্য বালির বস্তা দিয়ে নির্মাণ করা হয়েছে বাঁধ। ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু ও রায়হান আহমদের তত্ত্বাবধানে এই বাঁধ নির্মাণ করা হয়।
মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী একটি ৫ তলা খালি ভবনে দুটি চালু আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। তাদেরকে দেওয়া হচ্ছে রান্না করা খাবার। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সিসিকের একটি চিকিৎসক দল সেখানে সেবা দিচ্ছে।
এই দুটি আশ্রয়কেন্দ্রসহ বন্যা কবলিত ওয়ার্ডগুলোতে শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন ও কিছু কিছু ওয়ার্ডে মোমবাতি সরবরাহ করা হয়েছে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি