নিজস্ব প্রতিবেদক : সিলেটে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের চাপ কমেছে। অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। অন্যদিকে আরও দুটি উপজেলা বন্যার কবলে পড়েছে। সুরমা নদীতে পানি বৃদ্ধির ফলে ডুবতে শুরু করেছে মহানগরীর নিম্নাঞ্চল। পরিস্থিতি মোকাবিলায় সিলেট সিটি করপোরেশন জরুরি সভা করেছে। গ্রহণ করেছে প্রস্তুতি। একটি নিয়ন্ত্রণ কক্ষও খুলেছে।
সিলেটে জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নতুন করে বন্যা কবলিত হয়েছে। এ নিয়ে জেলার ১৩ উপজেলার মধ্যে ৭টি বন্যায় আক্রান্ত হলো। এর আগে জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা দেখা দেয়।
জেলা প্রশাসনের হিসাব মতে, সিলেটের ৭ উপজেলার ৪২ ইউনিয়নে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ২০২। এর মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছে ৪ হাজার ৮০২ জন। সর্বমোট ৫৪৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বিভিন্ন উপজেলায় কিছু আশ্রয়ণ প্রকল্পও বন্যা কবলিত। তাই সেখানকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এবারের বন্যার শুরুতেই পাহাড়ি ঢলের চাপে গোয়াইনঘাটসহ বিভিন্ন উপজেলায় বেশ কিছু সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সুরমা নদীতে পানি বাড়তে থাকায় সিলেট মহানগরীর শাহজালাল উপশহর, চালিবন্দর ও তালতলাসহ বেশ কিছু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সকল কর্মকর্তা—কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রাথমিকভাবে তৈরি রাখা হয়েছে ৩ টন চিড়া, ৩ টন মুড়ি, গুড়, খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওরস্যালাইন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।