নিজস্ব প্রতিবেদক : সিলেট এখন বন্যার কবলে। প্রবল বৃষ্টি ও ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে ইতোমধ্যে আক্রান্ত হয়েছে সীমান্তবর্তী ৫ উপজেলা। প্রতি মুহূর্তে পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন. পিয়াইন ও ধলাইসহ সকল নদীতে। কয়েকটি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। ফলে আশংকা করা হচ্ছে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে।
জেলা প্রশাসন জানিয়েছে, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গোয়াইনঘাট উপজেলায় ৫৬টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৫টি, জৈন্তাপুর উপজেলায় ৪৮টি, কানাইঘাট উপজেলায় ১৮টি ও জকিগঞ্জ উপজেলায় ৫৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে ব্যাপক নিচু এলাকায়। অনেক ঘরবাড়িতেও প্রবেশ করেছে পানি। ডুবে গেছে অধিকাংশ গ্রামীণ সড়ক। যোগাযোগ ব্যবস্থা বিপর্যন্ত হয়ে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে রয়েছে।