পোর্টসমাউথে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের ইন্টার্নশিপ দিবে আইবিডি পার্টনারশিপ গ্রুপ

প্রকাশিত May 28, 2024
পোর্টসমাউথে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের ইন্টার্নশিপ দিবে আইবিডি পার্টনারশিপ গ্রুপ

যুক্তরাজ্যের পোর্টসমাউথ-বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন-পিবিবিএর চেয়ারপার্সন ও আইবিডি পার্টনারশিপ গ্রুপের সিইও রাজা আলী বলেছেন, প্রবাসীরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরতে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
পোর্টসমাউথ বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার, ২৮ মে (১৪ জ্যৈষ্ঠ) বিকেল সাড়ে ৪টায় চেম্বার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
প্রতিনিধিদলের প্রধান রাজা আলী বলেন, ‘আমরা যখন দেখি আমাদের দেশের ছেলে-মেয়েরা প্রবাসে ছোটখাটো চাকরি করে তখন কষ্ট হয়। প্রবাসে যাওয়ার আগে দেশ থেকে কোন কাজের যোগ্যতা নিয়ে গেলে তাদেরকে ছোটখাটো চাকরি করতে হবে না। দক্ষতা থাকলে কম সময় কাজ করে তারা ভলো উপার্জন করতে পারবে।’
এ বিষয় নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন এবং প্রধানমন্ত্রী এ ব্যাপারে একমত পোষণ করেছেন বলেও তিনি জানান।
রাজা আলী বলেন বলেন, পর্যটন খাতে সিলেটের সম্ভাবনা প্রবল। এ খাতে বিনিয়োগ বৃদ্ধিতে নতুন প্রজন্মের প্রবাসীদের আকৃষ্ট করতে হবে। আইবিডি পার্টনারশিপ গ্রুপ বিভিন্ন ধরনের সেবা নিয়ে কাজ করে। এর মধ্যে রয়েছে এডুকেশন, ম্যানেজমেন্ট, কনসালটেন্সি, কন্সট্রাকশন, ট্রেনিং ও ইন্টারন্যাশনাল ট্রেড।
তিনি বাংলাদেশেও আইবিডির সেবা সমূহ নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন এবং ঘোষণা করেন, পোর্টসমাউথে যেসব বাংলাদেশী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে যাবেন, সিলেট চেম্বারের সুপারিশক্রমে তাদেরকে আইবিডি গ্রুপের পক্ষ থেকে ৬ মাসের ইন্টার্নশিপ ও ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে।
মতবিনিময় সভায় সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। সিলেটের নয়নাভিরাম চা-বাগান, বিস্তৃত হাওড় ও প্রাকৃতিক সৌন্দর্য্য দেশ-বিদেশের পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। সিলেটের পর্যটন খাতে প্রবাসীরা বিনিয়োগ করলে তারা অবশ্যই লাভবান হবেন।
পর্যটন খাতের পাশাপাশি তিনি সিলেটের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের আহবান জানান।
সভায় পোর্টসমাউথ পিবিবিএ ও আইবিডি পার্টনারশিপ গ্রুপের কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিনিধিদলের সদস্য নিক্স ড্রুবিস অ্যান্ডজান্স, মাহবুব নূর ম্যাব্স ও সেলিনা আলী।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক ও ইন্টারন্যাশনাল এফেয়ার্স সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ ফাহিম আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড ইঞ্জিনিয়ার এম ইকবাল, প্রফেসর ড ফজলে এলাহী মো ফয়সাল, নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড শামীম আল আজিজ লেলিন, লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আনোয়ার আহমেদ আরিফ, সিলেট সিটি মেয়রের উপদেষ্টা মিছবাউর রহমান ও সিলেট চেম্বারের সদস্য আতিকুর রেজা চৌধুরী। সঞ্চালনা করেন সিলেট চেম্বারের উপ-সচিব আজিজুর রহিম খান মিজান। সংবাদ বিজ্ঞপ্তি