কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান আইজিপির

প্রকাশিত May 18, 2024
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান আইজিপির

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম বলেছেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে দেশে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা প্রায় নির্মূল হয়ে গেছে। আর তা সম্ভব হয়েছে বাংলাদেশ পুলিশের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে। পুলিশ এখন নজর রাখছে ভবিষ্যতে যাতে এসব অপকর্ম আর মাথাচারা দিয়ে উঠতে না পারে।
শনিবার, ১৮মে (৪ জ্যৈষ্ঠ) সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আইজিপি আরও বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তান কার কার সঙ্গে মিশছে এবং নিয়মিত স্কুলে যাচ্ছে কী না তদারকি করতে হবে।
জনসচেতনতা বৃদ্ধির জন্য সিলেট সিটি কর্পোরেশনকে তিনি ধন্যবাদ জানান।
সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, শিক্ষানুরাগী ও অর্থনীতিবিদ ড আহমদ আল কবির, সিলেট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরান। সঞ্চালনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও জান্নাতুল আশা।
অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সংক্ষিপ্ত পরিচিতি অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রদর্শন ও সিলেট সিটি কর্পোরেশনের ‘বদলে যাওয়া সিলেট’ প্রদর্শন করা হয়।
এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি