বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার সংগ্রামের উদ্যোক্তা টনি হক আর নেই

প্রকাশিত May 10, 2024
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার সংগ্রামের উদ্যোক্তা টনি হক আর নেই

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার সংগ্রামের উদ্যোক্তা ও নেতৃত্ব দানকারী বৈশ্বিক সংগঠন অরগ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্যা ইউনাইটেড ন্যাশনস কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ড তোজাম্মেল টনি হক এমবিই আর নেই।
যুক্তরাজ্যের বার্মিংহাম নগরীতে বৃহস্পতিবার, ৯ মে দিনগত রাতে তিনি শেষ নিশ্বাস করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি সহধর্মিণী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহামে অভিবাসী ড তোজাম্মেল টনি হক বার্মিংহামের একটি সেকেন্ডারি স্কুলের হেড টিচার হিসেবে দায়িত্ব পালন করেন।
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ড তোজাম্মেল টনি হক এমবিই জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কোর এশিয়া-প্যাসিফিক রিজিয়নে প্রিন্সিপাল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশে তার বাড়ি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়।
ড তোজাম্মেল টনি হক এমবিইর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কে এম আবু তাহের চৌধুরী ও সেক্রেটারি জেনারেল তফজ্জুল হোসেন চৌধুরী।
এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগঠনের পক্ষে আরও শোক প্রকাশ করেছেন প্রেস সেক্রেটারি শেখ মো মফিজুর রহমান, কামরুল হাসান চুনু, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, সৈয়দ আব্দুল ক্বাইয়ুম কয়ছর, আবু তাহের এমবিই, মাসুদ আহমদ ও সাউথ ওয়েলস শাখার প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর সহ সকল কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ ।
বিবৃতিতে তারা বলেন, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির সেবায় মরহুমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি