সুনামগঞ্জের ১২ উপজেলা খাদ্যগুদামে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত May 7, 2024
সুনামগঞ্জের ১২ উপজেলা খাদ্যগুদামে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ১২ উপজেলা খাদ্যগুদামে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার, ৭ মে (২৪ বৈশাখ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
জেলায় এবার ধান কেনা হবে ২৯ হাজার ৮১১ টন। এছাড়া ৯ হাজার ৬৮৪ টন সিদ্ধ চাল ও ৯ হাজার ৯৫৪ টন আতপ চাল কেনা হবে।
জেলা খাদ্য অফিস থেকে জানা গেছে, জেলার ১২ উপজেলার ১১টি কেন্দ্রে এবং জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও নতুন উপজেলা মধ্যনগর কেন্দ্রে কৃষকদের নিকট থেকে ধান কেনা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান সরবরাহ করতে পারবেন।
চাল কেনা হবে মিলারদের নিকট থেকে। তবে সুনামগঞ্জ চাল কল মালিক সংগঠনের সভাপতি জিয়াউল হক চাল তৈরির সময় মিলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
সুনামগঞ্জ জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা নিশ্চিত করেন, কোনরকম বাধা বিঘ্ন ছাড়াই তারা ধান-চাল সংগ্রহ করতে পারবেন।