হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সোনার ফসল গোলায় তোলার পর পরই সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ ইউনিয়নে কৃষকদের নিকট থেকে উপজেলা খাদ্য গুদামের অধীনে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার, ৭ মে (২৪ বৈশাখ) এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রাণী দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আল-বশিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রাজিব হাওলাদার, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, ধান সংগ্রহ কমিটির কৃষক প্রতিনিধি বসন্ত কুমার বৈষ্ণব ও কৃষক সুবীর সরকার পান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শাল্লা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি জানান, এবার শাল্লা উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৪৯৮ মেট্রিকটন। কৃষি অফিসের তালিকাভুক্ত কার্ডধারী প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন।