সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন।
তিনিই আরও বলেছেন, বঙ্গবন্ধুই বাংলাদেশে শ্রমিকের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন।
মহান মে দিবস উপলক্ষে বুধবার, ১ মে সকালে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মেয়র প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবার মহান মে দিবস পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মু মাসুদ রানা, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম।
প্রধান অতিথি সিসিক মেয়র শ্রমিকদের সঙ্গে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জাতির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখতেন। শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে উন্নত কর্মপরিবেশ তৈরি করে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পিআইডি সিলেট