সীমান্ত বাণিজ্যে বিরাজমান সমস্যাবলী নিরসনে ভারতীয় বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা

প্রকাশিত April 30, 2024
সীমান্ত বাণিজ্যে বিরাজমান সমস্যাবলী নিরসনে ভারতীয় বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী ডাউকি স্থলবন্দরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের আমদানিকারক ও রপ্তানিকারকগণ সীমান্ত বাণিজ্যে (বর্ডার ট্রেড) বিরাজমান সমস্যাবলী নিরসনে ভারতীয় বন্দর কর্তৃপক্ষের (পোর্ট অথরিটি) সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার, ৩০ এপ্রিল (১৭ বৈশাখ) সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো এমদাদ হোসেনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল যোগদান করেন। এছাড়াও বাংলাদেশ থেকে অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।
ডাউকি স্থলবন্দর সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশরা, আইপিএস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো এমদাদ হোসেন।
অনুষ্ঠানে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও আমদানি-রপ্তানি খাতের প্রসারে ব্যাপক আলোচনা হয়।
প্রতিনিধিদলে আরও ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো সারোয়ার হোসেন ছেদু, শান্ত দেব, মো মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক ও সাবেক সহসভাপতি মো আতিক হোসেন এবং তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, সহসভাপতি মো জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, শামীম আহমদ, জাহাঙ্গীর আহমদ এবং তামাবিল স্থলবন্দর ও ডাউকি স্থলবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি