সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ৩ যুবকের মৃত্যু

প্রকাশিত April 28, 2024
সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ৩ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাকের সঙ্গে ও মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন যুবক প্রাণ হারিয়েছেন।
শনিবার, ২৭ এপ্রিল রাত পৌণে ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের কাছে ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) এবং সোনাসার বাজারের ব্যবসায়ী মো মঞ্জুর হোসেন (২৪)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
এলাকার লোকজন জানান, এই যুবকরা একই মোটরসাইকেলে সোনাসার বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে বারঠাকুরী গ্রামের কাছে ইট ভাটার সামনে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন।আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ান হোসেন ও মো মঞ্জুর হোসেনকে মৃত ঘোষণা করেন।
অপর গুরুতর আহত দেলোয়ার হোসেনকে সিলেট নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।