সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলায় সিলেটের শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে : দেবজিৎ সিংহ

প্রকাশিত April 25, 2024
সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলায় সিলেটের শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে : দেবজিৎ সিংহ

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ জানিয়েছেন, সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলায় সিলেটের শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে। আগামী ২৮ এপ্রিল এর উদ্বোধন হবে। চলবে ৪ মে পর্যন্ত। প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে।
পিআইডি সিলেটকে তিনি আরও জানিয়েছেন, নতুন প্রজন্মের চিন্তাধারার সঙ্গে মিল রেখে বইমেলাকে সাজানো হবে, যাতে নতুন প্রজন্ম বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠে। এ আয়োজন লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যকার যোগসূত্র তৈরি করবে।
সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা মহানগরীর রিকাবীবাজারে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। চলবে প্রতিদিন বিকাল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত। তবে সরকারি ছুটির দিনে সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ বইমেলার আয়োজন করছে। এতে জাতীয় পর্যায়ের ৫০টির অধিক সরকারি-বেসরকারি ও স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
বিভাগীয় বইমেলার উদ্বোধনের দিন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য গ্রন্থ শোভাযাত্রারও আয়োজন করা হবে।