কৃষকরা যাতে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান সেই ব্যবস্থা করা হবে || আশ্বাস কৃষিমন্ত্রীর

প্রকাশিত April 19, 2024
কৃষকরা যাতে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান সেই ব্যবস্থা করা হবে || আশ্বাস কৃষিমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড মো আব্দুস শহীদ বলেছেন, সুনামগঞ্জের মাটি এত উর্বর যে, চাষ করলেই লাভবান হওয়া যায়।
শুক্রবার, ১৯ এপ্রিল (৬ বৈশাখ) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওরে ধান কাটা উদ্বোধন শেষে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
কৃষিমন্ত্রী জানান, ৭ জেলার হাওরে ধান কাটার জন্য ৪ হাজার ৩৪১টি কমবাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে।
তিনি জানান, সুনামগঞ্জে ৮৩৪টি হারভেস্টার মেশিন দিয়ে ধানা কাটা শুরু হয়েছে।
কৃষিমন্ত্রী জানান, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান সেই ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, খাদ্যের জন্য আমাদের অন্যের উপর নির্ভর করলে চলবে না। তাই আমাদেরকে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমরা কারও কাছে হাত পাতবোনা।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক শরীফের সঞ্চালনায় কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মলয় চৌধুরী, বিএডিসির মহাপরিচালক আব্দুল্লাহ সাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিলেট সেচ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রনজিৎ কুমার দেব ও কৃষক শফিকুল ইসলাম।