নিজস্ব প্রতিবেদক : সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। সোমবার, ১৫ এপ্রিল (২ বৈশাখ) এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সকাল সোয়া ৯টার দিকে বিদ্যুৎ লাইনে স্পার্কিং থেকে পরিত্যক্ত ফোম জাতীয় পদার্থে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো আব্দুল কাদির জানান, অগ্নিকাণ্ডে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তবে মহানগরীর প্রায় অর্ধেক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়।
খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেয়র উপস্থিত সাংবাদিকদের জানান, ইতোমধ্যে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। দুর্ঘটনা এড়াতে এখানে আর পরিত্যক্ত কোনোকিছু মজুদ রাখা যাবেনা।
কুমারগাঁও এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে মেয়র প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখবেন বলেও তিনি জানান।
ইতোমধ্যে মহানগরীতে বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।