বিমানবন্দরে খোয়া যাওয়া এক প্রবাসীর ফোন ও পাসপোর্ট আরেক প্রবাসীর ঘর থেকে উদ্ধার

প্রকাশিত April 12, 2024
বিমানবন্দরে খোয়া যাওয়া এক প্রবাসীর ফোন ও পাসপোর্ট আরেক প্রবাসীর ঘর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসীর খোয়া যাওয়া মোবাইল ফোন ও পাসপোর্ট আরেক প্রবাসীর বসতঘর থেকে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন সিলেট দিনের মধ্যেই উদ্ধার করে দিয়েছে।
৭ এপিবিএন, সিলেটের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শুক্রবার, ১২ এপ্রিল (২৯ চৈত্র) সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রবাসী রসময় চন্দ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন; কিন্তু ব্যাগেজ স্কেনিং শেষে কাস্টমস এলাকা থেকে ল্যাগেজসহ পার্কিং এলাকায় গিয়ে তিনি দেখতে পান, তার হাতব্যাগে থাকা আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের ২টি স্যামসাং মোবাইল ফোন ও ২টি পাসপোর্ট নেই।
অনেক খোঁজাখুঁজি করেও রসময় চন্দ মোবাইল ফোন ও পাসপোর্ট না পেয়ে ৭ এপিবিএন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অফিসে জিডি করেন।
এর পরিপ্রেক্ষিতে ৭ এপিবিএন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের নেতৃত্বে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইনটেলিজেন্স টিমের পুলিশ পরিদর্শক এস এম আল মামুন কাজ শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, একই বিমানে দুবাই থেকে আসা অপর প্রবাসী সিলেটের বালাগঞ্জ উপজেলার আব্দুল আহাদ মোবাইল ও পাসপোর্টগুলো নিয়ে গেছেন।
এই তথ্যের ভিত্তিতে ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এস এম আল মামুনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযুক্ত আব্দুল আহাদের বাড়িতে অভিযান চালিয়ে মোবাইল ফোন ও পাসপোর্টগুলো উদ্ধার করে আব্দুল আহাদসহ বিমানবন্দরে নিয়ে আসে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।