নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি মহানগরীর টিলাগড়ে নিজের বাসায় ও নির্বাচনী এলাকা ওসমানীনগরে আওয়ামী পরিবারের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার, ১২ এপ্রিল (২৯ চৈত্র) নির্ধারিত সময়ে দুই জায়গায়ই ঢল নামে নেতাকর্মীসহ জনসাধারণের। তিনি সবার সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ঈদুল ফিতর যেমন মুসলমানদের সবচেয়ে বড় উৎসব তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ। ইসলাম ধর্মাবলম্বী সকলেই এ উৎসব পরিবারের সঙ্গে উদযাপন করেছেন।
তিনি বলেন, এবার ইদুল ফিতরে সারা দেশ নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। এছাড়া সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে সবাই নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই অপতৎপরতা প্রতিরোধ করতে হবে।
তিনি সরকারের উন্নয়ন চিত্র তৃণমূলের মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দেন।
ওসমানীনগরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, থানার ওসি রাশেদুল হক, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা ভিপি, তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক ও সহসভাপতি হারুন মিয়া।