অপরিকল্পিত বাঁধের কারণে জুড়ীতে পাহাড়ি ঢলে নদীগর্ভে ঘরবাড়ি হুমকির মুখে রাস্তা

প্রকাশিত April 6, 2024
অপরিকল্পিত বাঁধের কারণে জুড়ীতে পাহাড়ি ঢলে নদীগর্ভে ঘরবাড়ি হুমকির মুখে রাস্তা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুড়ী নদীর কন্টিনালা অংশে রেলসেতু নির্মাণ কাজের জন্য অপরিকল্পিত বাঁধ দেওয়ায় পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও রাস্তা ভাঙনের মুখে পড়েছে।
ইতোমধ্যে নদী তীরবর্তী ৪/৫টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে একমাত্র রাস্তাটিও বিলীন হয়ে যেতে পারে।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নে জুড়ী নদীর কন্টিনালা অংশে রেলসেতু নির্মাণের কাজ চলছে কয়েক বছর ধরে। এই নির্মাণ কাজের জন্য নদীতে অপরিকল্পিত বাঁধ দেওয়ায় স্বাভাবিক পথে পানির প্রবাহ বন্ধ হয়ে পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও রাস্তা ভাঙনের মুখে পড়েছে। এলাকাবাসী একই সঙ্গে ভাঙনের জন্য
বেলাগাঁও-কন্টিনালা রাবার ড্যামের অপব্যবহারকেও দায়ী করছেন
সরজমিনে ৪ এপ্রিল সকালে গিয়ে দেখা যায়, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির লোকজন ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় পিডিবির কর্মকর্তা-কর্মচারীদেরকে ঝুঁকিতে থাকা বিদ্যুতের একটি খুঁটি সরিয়ে নেওয়ার কাজ করতেও দেখা যায়।
ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলী ও পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমেদ।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের উপ সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন জানান, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি তাদেরকে বিষয়টি অবগত করেছেন। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী কাজ করিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষার পরিকল্পনা নেওয়া হবে।