নিজস্ব প্রতিবেদক : আজ ছাব্বিশে মার্চ-মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে এদিনের প্রথম প্রহরে বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
বঙ্গবন্ধুর এই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা ও বাঙালি পুলিশ-ইপিআর-সেনা সদস্যরা পশ্চিমা হানাদারদের বিরুদ্ধে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল ভাঙার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। টানা নয় মাস ধরে চলে সশস্ত্র সংগ্রাম। প্রাণ দেন ত্রিশলাখ মানুষ। ইজ্জত হারান দুলাখ মা-বোন। অতঃপর ষোলই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে প্রিয় জন্মভূমি বাংলাদেশ আপন মহিমায় জায়গা করে নেয়।
প্রতি বছরের ন্যায় এবারও সিলেটসহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ভোরে তোপধ্বনি এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার শাণিত করে জাতি মহান স্বাধীনতা দিবস উদযাপন করছে।