প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই ছিলেন নির্ভীক, স্পষ্টভাষী ও আদর্শ নেতৃত্ববাদী। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, পরোপকার ও দানশীলতায় তিনি ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিজেদের জীবন গঠনে তার জীবনী থেকে বর্তমান শিশু-কিশোরদের শিক্ষা নিতে হবে-তাকে আদর্শ হিসেবে অনুসরণ করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রবিবার, ১৭ মার্চ (৩ চৈত্র) কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান, পিপিএম-সেবা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন মাথা উঁচু করে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে দুর্বার গতিতে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের ঠিকানায়। আজকের শিশুদেরকে আগামীর অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য প্রস্তুত করতে হবে। পিআইডি সিলেট