হবিগঞ্জে র‌্যাব-৯ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্লিনিকের জরিমানা এমডির কারাদণ্ড

প্রকাশিত March 16, 2024
হবিগঞ্জে র‌্যাব-৯ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্লিনিকের জরিমানা এমডির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ও ভ্রাম্যমাণ আদালত হবিগঞ্জে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা আদায় ও ব্যবস্থাপনা পরিচালককে কারাদণ্ড দিয়েছে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত ১৪ মার্চ বিকেল ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ও হবিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টি পপুলার জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় লাইসেন্স ব্যতিত বেসরকারি ক্লিনিক স্থাপন ও সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপের অপরাধে টি পপুলার জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক-এমডি মো তারেক আজিজ খানকে (পিতা মাসুক খান, শরিফকানী, বানিয়াচং, হবিগঞ্জ) ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মূলে হবিগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলে র‌্যাব-৯ এর তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।