দোয়ারাবাজারে প্রেমিককে গাছে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ মামলার এক আসামি গ্র্রেফতার

প্রকাশিত March 13, 2024
দোয়ারাবাজারে প্রেমিককে গাছে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ মামলার এক আসামি গ্র্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রেমিককে গাছে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ মামলার এক আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্র্রেফতার করেছে।
র‌্যাব ৯ এক তথ্য বিবরণীতে জানায়, মামলার বিবরণে উল্লেখ রয়েছে, সুনামগঞ্জের মো নূরুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। এই সুবাদে পাশের বাসার এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে আইনি ও ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করতে গত ৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া (বিশ্বরোড) থেকে বাসযোগে সুনামগঞ্জ রওনা হয়। রাত আনুমানিক ১১টায় ছাতক বাসস্ট্যান্ডে নেমে তারা সিএনজি অটোরিকশা যোগে দোয়ারাবাজার উপজেলার কাটাখালী বাজারে পৌঁছেন। সেখান থেকে রাত ১টার দিকে কাটাখালী বাজার হতে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করাকালীন অটোচালক আব্দুল করিম ও অপর দুই ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়। এই তিনজন প্রেমিক-প্রেমিকাকে পুলিশের ভয় দেখায় এবং মো আফছার উদ্দিন নামের অপর একজনকে ডেকে আনে। সবাই মিলে প্রেমিক-প্রেমিকাকে জালালপুর এলাকার মো ফয়জুল বারীর টিনসেড ঘরের পশ্চিম পাশের কক্ষে থাকতে দেয়।
পরবর্তী সময়ে অভিযুক্ত চার জন মিলে প্রেমিককে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে রাত আনুমানিক ২টা ২০ মিনিট থেকে রাত ৪টা পর্যন্ত প্রেমিকাকে পালাক্রমে গণধর্ষণ করে। এরপর ধর্ষকরা তাদেরকে সুনামগঞ্জ পৌঁছে দেওয়ার কথা বলে আব্দুল করিমের অটোরিকশায় করে আমবাড়ী বাজারে নামিয়ে দিয়ে চলে যায়।
এ ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় ১০ মার্চ গণধর্ষণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে দ্রুত আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার, ১২ মার্চ রাত পৌণে ১০টার দিকে ছাতক উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি অটোচালক আব্দুল করিমকে (৩২, কামারগাঁও, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
এতে আরও জানানো হয়, মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে।