সিলেট মহানগরীর বাজার পরিস্থিতি তদারকিতে জেলা প্রশাসনের মনিটরিং কমিটি

প্রকাশিত March 12, 2024
সিলেট মহানগরীর বাজার পরিস্থিতি তদারকিতে জেলা প্রশাসনের মনিটরিং কমিটি

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি মনিটরিংয়ের জন্যে সিলেট জেলা প্রশাসন গঠিত ৫টি বাজার মনিটরিং কমিটি কার্যক্রম শুরু করেছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার, ১২ মার্চ (২৮ ফাল্গুন) রমজান মাসের প্রথম দিনে দুপুর ২টা থেকে বাজার মনিটরিং কমিটির সদস্যরা মহনগরীর বিভিন্ন এলাকায় বাজার পরিদর্শন করেন।
একটি বাজার মনিটরিং কমিটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের নেতৃত্বে চৌকিদেখি ও আম্বরখানা এলাকার বিভিন্ন সবজি, ফল, মাছ, মাংস ও ইফতার সামগ্রীর দোকান পরিদর্শন করে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট সকল বিক্রেতাকে মূল্যতালিকা প্রদর্শন, কাঁচা-পাকা রশিদ সংরক্ষণ ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বাজার মনিটরিং কমিটির অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ক্যাব সিলেট ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি। সূত্র তথ্য বিবরণী