মহানগরীর ফুটপাত দখলমুক্ত করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন আনোয়ারুজ্জামান

প্রকাশিত March 10, 2024
মহানগরীর ফুটপাত দখলমুক্ত করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পবিত্র রমজান মাসের আগেই হকারদেরকে পুনর্বাসনের মাধ্যমে মহানগরীর সকল ফুটপাত দখলমুক্ত করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে করলেন।
রবিবার, ১০ মার্চ (২৬ ফাল্গুন) সকাল ১১টায় মেয়রের ভাষায় এই ‘ক্ষুদ্র ব্যবসায়ী’দের পুনর্বাসনের জন্যে নগরভবনের লাগোয়া লালদিঘির পাড়ে প্রায় ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের উপযোগী জায়গা উন্মুক্ত করে দেওয়া হয়।
মহানগরীর নতুন এই ব্যবসাকেন্দ্র উদ্বোধন করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এই ব্যবসায়ীরা ছোটখাটো ব্যবসা করে তাদের পরিবার-পরিজন নিয়ে জীবন যাপন করেন। তারা চুরি-ডাকাতি করেননা। এজন্য তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে।
মেয়র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সুন্দর আচরণের মাধ্যমে ক্রেতাদের মন জয় করার পরামর্শ দিয়ে বলেন, তাহলে এখানে ক্রেতারা আসবেন। এতে ব্যবসা ভাল হবে। পরিবার-পরিজন নিয়ে চলতে পারবেন।
তিনি তাদেরকে সবধরনের সহযোগিতা আশ্বাস দেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর শান্তুনু দত্ত শন্তু, আব্দুল মুহিত জাবেদ, শাহানা বেগম শানু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে আব্দুর রকিব। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর তোফায়েল আহমদ শেপুল, ফজলে রাব্বি মাসুম, জয়নাল আবেদীন, রুহেনা আক্তার মুক্তা, আওয়ামী লীগ নেতা মিসবাউর রহমান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু।