নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা সামন্ত লাল সেন জানিয়েছেন, সিলেটসহ দেশের ৫টি জেলায় বার্ন ইউনিট হবে।
বুধবার, ৬ মার্চ (২২ ফাল্গুন) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আরও জানান, সিলেট ছাড়াও রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট করার প্রক্রিয়া চলছে।
ডা সামন্ত লাল সেন বলেন, প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবার সুযোগ সৃষ্টি করে মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোগীদের কাছে সেখানকার চিকিৎসাসেবার মান সম্পর্কে জানতে চান।
পরে তিনি উপজেলার দিঘলি উপ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএর মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী এবং সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ।
এর আগে সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা সামন্ত লাল সেন সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সময়মতো অফিসে না আসায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।