নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ উদ্ধার করেছে
এক তথ্য বিবরণীতে র্যাব-৯ জানায়, ২৭ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টায় গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া এলাকায় আব্দুস শহীদ মহিলা আলিম মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী জামিয়া বেগম (১৩) ও সামিরা বেগম (১৫) মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।
এ ঘটনায় দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরি-জিডি করা হয়। এর পরিপ্রেক্ষিতে দুজনকে উদ্ধারে র্যাব-৯, সিলেট ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
পরবর্তী সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ দুই কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ও পরিবারের নিকট হস্তান্তরের উদ্দেশ্য উদ্ধারকৃত দুজনকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।