নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, সিলেটকে একটি স্মার্ট ও আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ জরুরি। এক্ষেত্রে প্রবাসীরা এগিয়ে এলে শতভাগ সহায়তা পাবেন।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) রাতে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেল মিলনায়তনে ‘ট্যুরিজম ফর বিল্ডিং স্মার্ট বাংলাদেশ এন্ড ইনভেস্টমেণ্ট অপরচুনিটি ফর এনআরবিজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারুক খান আরও বলেন, সরকার সারাদেশে সুষম উন্নয়নে বিশ্বাসী। তবে সিলেট একটি পর্যটন এলাকা হওয়ায় এখানকার পর্যটন খাতকে বিকশিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
দেশ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড মিসবাউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টুরিজম বিশেষজ্ঞ খবির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ডেপুটি লেফটেন্যান্ট অব গ্রেটার ম্যানচেস্টার এন্ড পাবলিক সেক্টর কনসালটেন্ট মো মোজাহিদ খান ও দেশ ফাউন্ডেশনের ম্যানজিং ডিরেক্টর রঞ্জু মিয়া।
সেমিনারে প্রবাসীদের পক্ষ থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর লোকেশন ম্যাপ সংবলিত একটি অ্যাপস, পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্রের নিশ্চয়তা, লজিস্টিক সাপোর্টসহ ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড তৈরি ও ইকো ট্যুরিজমকে উৎসাহিত করাসহ মোট ১৬ দফা দাবি উত্থাপন করা হয়।