নিজস্ব প্রতিবেদক : নানা কারণে বিভিন্ন দেশ থেকে প্রত্যাগত অভিবাসী কর্মীদের দক্ষতা কাজে লাগাতে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। এতে যেমনি বিপাকে পড়া প্রত্যাগতদের কর্মসংস্থান হবে তেমনি দেশের উন্নয়নের চাকা আরও গতিশীল হবে।
‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ স্লোগানকে সামনে রেখে সিলেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ অভিমত উঠে আসে।
এতে জানানো হয়, দেশে ফিরে আসা দক্ষ অভিবাসী কর্মীদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান যাতে হয় সে জন্যে ইতোমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেমিনারে আরও জানানো হয়, কর্মসংস্থান ছাড়াও প্রত্যাগত অভিবাসীদের কল্যাণে বিভিন্ন জেলায় ওয়েলফেয়ার সেন্টার ও ঢাকায় বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, সিলেট এই সেমিনারের আয়োজন করে।
এতে বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের জন্যে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক চালু, প্রশিক্ষণ সুবিধা, প্রশিক্ষণ গ্রহণ বাবদ ১৩ হাজার ৫শ টাকা সম্মানী প্রদান, আত্মকর্মসংস্থান ও ঋণ প্রাপ্তিতে সহায়তা, সন্তানদের শিক্ষাবৃত্তি, বীমা সুবিধা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহায়তা, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে অর্থ সাহায্য, মরদেহ দেশে আনা ও দাফনে সহায়তা ইত্যাদি সুবিধার কথাও তুলে ধরা হয়।
তবে প্রত্যাগত অভিবাসী কর্মীদের এসব সুবিধা নিতে ওয়েলফেয়ার সেন্টারে নিবন্ধিত হতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো গিয়াস উদ্দিন। প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন সহকারী পরিচালক মো শওকত হোসেন ও মো মাইন উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। এছাড়াও আলোচনায় অংশ নেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বাংলাটিভির বিশেষ প্রতিনিধি আল আজাদ, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, হাসিনা বেগম চৌধুরী, মুহিত চৌধুরী. পিংকু ধর, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।