সাংস্কৃতিক প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিশুদের শিখন প্রতিষ্ঠান পাঠশালার উদ্যোগে ভাষাসংগ্রামীর কাছে লেখাপড়ায় শিশুদের হাতেখড়ি হয়েছে।
সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর কুমারপাড়া এলাকায় ভাষাসংগ্রামী অধ্যাপক মো আব্দুল আজিজের বাসভবনে এই হাতেখড়ির আয়োজন করা হয়।
এবার সিলেটে দুই থেকে পাঁচ বছরের পাঁচ শিশু হাতেখড়ি নেয় ভাষাসংগ্রামী মো আব্দুল আজিজের কাছে। তারা হলো সঙ্গীতশিল্পী সোমা রায় চৌধুরী ও অ্যাডভোকেট সুদীপ রঞ্জন রায়ের মেয়ে অর্থি রায়, নাট্যকর্মী দম্পতি উত্তরা সেন পম্পা ও দেবুজ্যোতি দেবুর মেয়ে দেবাঙ্কিতা দাস প্রহর, সাংবাদিক দম্পতি শাকিলা ববি ও মামুন হোসেনের মেয়ে সাইয়ারা হোসেন মেহেক, শিক্ষক দম্পতি কণিকা পাল ও ড বাসুদেব পালের ছেলে বুধাদিত্য পাল ঋষভ এবং পদ্মা রায় ও অধ্যাপক প্রবীর রায়ের ছেলে অংশুমান রায় পরম।
এসময় উপস্থিত ছিলেন, ভাষাসংগ্রামী অধ্যাপক মো আব্দুল আজিজের সহধর্মিণী শিক্ষাবিদ রওশন আজিজ ও কন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমনা আজিজ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ এবং পাঠশালার পরিচালক (থিয়েটার) হুমায়ুন কবির জুয়েল।
২০০৮ সাল থেকে পাঠশালা প্রতিবছর হাতেখড়ির আয়োজন করছে। তবে করোনার জন্যে মাঝখানে এক বছর বন্ধ ছিল।
আগে একুশে ফেব্রুয়ারিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হতো; কিন্তু ভাষাসংগ্রামী অধ্যাপক মো আব্দুল আজিজের শারীরিক অবস্থার কারণে দুবছর ধরে তার বাসায় করা হচ্ছে।
ভাষাসংগ্রামী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড ছদরুদ্দিন আহমদ চৌধুরী, অধ্যাপক আবুল বশর এবং অ্যাডভোকেট মনিরউদ্দিন আহমদও মৃত্যুর পূর্ব পর্যন্ত এই হাতেখড়ি কর্মসূচিতে এভাবে উপস্থিত থেকে নতুন প্রজন্মকে লেখাপড়ারে সূচনা করে দিতেন।