রফিকুল ইসলাম মাদানীকে অনুমতি না দেওয়ায় তাহিরপুরে পুলিশ তদন্তকেন্দ্রে হামলা

প্রকাশিত February 20, 2024
রফিকুল ইসলাম মাদানীকে অনুমতি না দেওয়ায় তাহিরপুরে পুলিশ তদন্তকেন্দ্রে হামলা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে তাফসির মাহফিলে যোগদানের অনুমতি না দেওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে।
এ হামলায় পুলিশের দুই সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় জড়িত অভিযোগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
উপজেলার বাদাঘাট বাজারে হিলফুল ফুজুল পরিষদের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি থেকে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। প্রথমদিন রাতে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে মাহফিলে আনতে চেয়েছিলেন আয়োজকরা; কিন্তু প্রশাসনের অনুমতি পাননি।
এ কথা জানাজানি হয়ে গেলে কিছু লোক মধ্যরাতে নানা রকম স্লোগান দিয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে ও ভাংচুর চালায়। তদন্ত কেন্দ্রের বাঁশের বেড়া ও সাইনবোর্ড উপড়ে ফেলে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।