সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার সর্বক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করে দেশের সাধারণ মানুষকে পথে বসিয়ে দিয়েছে। অন্যদিকে নিজেরা সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
তিনি আরও বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সন্তানের মুখে খাবার তুলে দিতে শেষ সম্বল বিক্রি করতে বাধ্য হওয়া কোটি কোটি দরিদ্র মানুষ ১৯৭৪ সালের দুর্ভিক্ষের আশংকায় কাতর ও ক্ষুব্ধ। সর্বোপরি নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ নিঃস্ব, ক্ষুধার্ত ও ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে একটি রাষ্ট্র চলতে পারে না। সরকারই সিন্ডিকেট তৈরি করে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তাই দেশকে সংকটমুক্ত করতে হলে এই সরকারের বিদায় নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
শবিবার, ১৭ ফেব্রুয়ারি (৪ ফাল্গুন) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তৃত দিচ্ছিলেন।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট’ সরকার গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য নতজানু পররাষ্ট্রনীতি এবং আপসকামিতার মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলেছে। অরক্ষিত সীমান্তে দেশের নাগরিকগণ একের পর এক খুন হচ্ছে। অথচ নতজানু সরকার কার্যকর কোন প্রতিবাদ কিংবা প্রতিরোধ করছে না।
কর্মসূচিতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম তারেক কালাম, শহিদ আহমদ, সামিয়া বেগম চৌধুরী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, ময়নুল হক, আব্দুল লতিফ খান, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আজিজুর রহমান, মাহবুব আলম, রফিকুল ইসলাম, কুমকুম ফাহিমা, শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, আহমদ সোলায়মান, ইসমাইল হোসেন সেলিম, জাহেদ আহমদ, হাসান মঈন উদ্দিন আহমদ, আব্দুল আহাদ, আব্দুল মালিক মল্লিক, শামিম আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি