এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম আজ দিনভর ব্যস্ত সময় কাটাবেন সিলেটে

প্রকাশিত February 16, 2024
এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম আজ দিনভর ব্যস্ত সময় কাটাবেন সিলেটে

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম এক দিনের সফরে আজ শনিবার, ১৭ ফেব্রুয়ারি (৪ ফাল্গুন) সিলেট আসছেন।
মন্ত্রী অত্যন্ত ব্যস্ত দিন কাটাবেন সিলেটে। আকাশপথে পৌঁছবেন সকাল ৮টায়। এরপর সকাল ১০টা থেকে মহানগরীতে একের পর এক কর্মসূচিতে যোগ দিবেন।
প্রথমে তিনি সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শন করবেন। এরপর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন স্থাপিত অক্সিজেন প্ল্যান্ট। পরে জলাবদ্ধতা নিরসনে কাজিরবাজার বৈঠা খাল ও নবনির্মিত কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন, লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে সিসিকের এমআরএফ প্ল্যান্ট পরিদর্শন ও ফলক উন্মোচন, কুমারপাড়ায় সিসিক পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ও আরবান রেসিলিয়েন্সের আওতায় নির্মিত নগর ভবনের ৬ষ্ঠ তলায় ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন করবেন।
মন্ত্রী দুপুর ১২টায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও জলাবদ্ধতা নিরসনে গৃহিত কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল ৩টায় জালালাবাদ পার্কে বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। পরে দক্ষিণ সুরমার চণ্ডিপুল ময়ুরকুঞ্জ কনভেনশন হলে তার সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত থাকবে।
বিকেল সাড়ে ৫টায় এলজিআরডি মন্ত্রী রাজধানীতে ফেরার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রওয়ানা হবেন।